
সুশাসন নিশ্চিত করে একটি আধুনিক ব্যবস্থাপনা কাঠামো বিনির্মাণের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করে জনকল্যাণে অবদান রাখার রুপকল্প নিয়ে উৎস কর ব্যবস্থাপনা ইউনিট যাত্রা শুরু করে। আয়কর বিভাগের অধীনস্ত কর অঞ্চলসমূহের ডিজিটালাইজড উৎস কর ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং মনিটরিং সম্পর্কিত যাবতীয় কার্যাবলি পরিচালনার লক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক উৎস কর ব্যবস্থাপনা ইউনিটের অধিক্ষেত্র ( সমগ্র বাংলাদেশ) নির্ধারিত হয়। উৎস কর ব্যবস্থাপনা ইউনিট নিবন্ধন ও প্রক্রিয়াকরণ শাখা, পরিপালন ও নজরদারী শাখা, এনফোর্সমেন্ট শাখা এবং কারিগরি ও নিরাপত্তা শাখা এই চারটি শাখায় বিভক্ত। এই কার্যকরী শাখাগুলো মাঠ পর্যায়ের অফিসগুলোর সাথে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে উৎস কর ব্যবস্থাপনাকে আরো উন্নত এবং গতিশীল করতে সহায়তা করে। এই ইউনিটকে গতিশীল এবং আধুনিকায়নের জন্য মোট ৫৫ জনের অনুমোদিত জনবল রয়েছে। এই বিশেষায়িত ইউনিট উৎস কর কর্তন সংক্রান্ত রিটার্ন প্রক্রিয়াকরণ ও যাচাই করে থাকে এবং প্রয়োজনে অডিট কার্যক্রম পরিচালনার মাধ্যমে সৃষ্ট অনাদায়ী দাবি আদায় করার জন্য এনফোর্সমেন্ট শাখা হতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কারিগরি এবং নিরাপত্তা শাখার মাধ্যমে এই ইউনিট একটি গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে e-TDS সিস্টেমের কার্যকর পরিচালনা এবং রক্ষণাবক্ষণ নিশ্চিত করে থাকে।